
মতলব উত্তর প্রতিনিধি :
মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি— এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর থানার উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মাদকবিরোধী একটি র্যালি বের হয়। র্যালিটি ছেংগারচর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। পরে সেখানে মাদকবিরোধী পথসভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা বিএনপি নেতা ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে তরুণ প্রজন্ম ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তাই মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, “আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।”
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসায়ী ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মাদক প্রতিরোধে অভিভাবক, শিক্ষক ও জনপ্রতিনিধিসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
এসময় ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের সভাপতি উজ্জল ফরাজী, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ আশরাফুল, ছেংগারচর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহাম্মেদ সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না; এটি একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।